বাচাল কচ্ছপ
এক সরোবরে থাকত কম্বুগ্রীব নামে এক কচ্ছপ। তার সবচেয়ে প্রিয় বন্ধু ছিল দুটো রাজহাঁস।
এক গরমকালে একটুও বৃষ্টি হলো না, আর সরোবরের জল শুকিয়ে যেতে লাগল। রাজহাঁসেরা বলল, “আমাদের উড়ে নতুন কোনো সরোবরে যেতে হবে। কিন্তু তুমি আমাদের সঙ্গে যাবে কী করে?”
কচ্ছপের মাথায় একটা বুদ্ধি এল। “তোমরা ঠোঁটে একটা লাঠি ধরো। আমি মুখ দিয়ে লাঠির মাঝখানটা কামড়ে ধরব, আর তোমরা আমাকে উড়িয়ে নিয়ে যাবে!”
রাজহাঁসেরা বলল, “ভালো বুদ্ধি। কিন্তু একবারও মুখ খোলা চলবে না, মনে থাকে যেন।” কচ্ছপ কথা দিল।
ওপরে, আরও ওপরে উড়ে চলল ওরা, মাঠ আর গ্রাম পেরিয়ে। নিচের লোকেরা আঙুল তুলে হাসতে লাগল। “দেখো, দেখো! দুটো পাখি লাঠিতে ঝুলিয়ে একটা কচ্ছপ নিয়ে যাচ্ছে!”
কচ্ছপের খুব বলতে ইচ্ছে হলো, “নিজের চরকায় তেল দাও!” কথা বলার জন্য সে যেই মুখ খুলল —
— অমনি লাঠি ছেড়ে গেল। ধপাস করে সে নিচে পড়ে গেল, একেবারে মাটিতে। ভাগ্যিস সে নরম একটা খড়ের গাদার ওপর পড়েছিল! কিন্তু বন্ধুদের তাকে ছাড়াই উড়ে চলে যেতে হলো।